অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে জাপান পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ভোররাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

জাপান সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।