যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পাওয়া সাপেক্ষে আজ থেকে শুরু হচ্ছে করোনা সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা। গতকাল বিকালে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

উপাচার্য বলেন, দেশের এ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটাই আমাদের সার্থকতা। ডব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী সম্পূর্ণ ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ অনুসরণ করে নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। এরই মধ্যে জিনোম সেন্টারের সব যন্ত্রের ফিটনেস পরীক্ষা করা হয়েছে। নভেল করোনাভাইরাস শনাক্তের কিটের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। সবকিছু সঠিক থাকায় নমুনা পেলেই আমরা শুক্রবার থেকেই করোনার পরীক্ষা শুরু করতে পারব।

উপাচার্য আরও বলেন, যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এর বেশিও নমুনা পরীক্ষার সক্ষমতা ও জনবল আমাদের আছে।

ব্রিফিংয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, দেশের এ দুঃসময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে আসায় ধন্যবাদ জানাচ্ছি। শুধু যশোর নয় ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের রোগীদের নমুনাও এখানে পরীক্ষা করা সম্ভব। আশা করছি, সবকিছু ঠিক থাকলে শুক্রবার থেকে এখানে পরীক্ষা শুরু করতে পারব। তিনি বলেন, নিজ নিজ উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহের পর, সিভিল সার্জনের কার্যালয় করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। ফলে এখানে কোনো রোগীর আসার প্রয়োজন নেই।

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, আমরা নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় (বিএসএল-২) সতর্কতা অবলম্বন করব। এখানে করোনা সন্দেহভাজন কোনো রোগীও আসবে না।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন নভেল করোনাভাইরাস পরীক্ষাকরণ দলের সদস্য ড. মো. নাজমুল হাসান, ড. শিরিন নিগার, ড. তানভীর ইসলাম, ড. সেলিনা আক্তার, ড. হাসান মোহাম্মদ আল-ইমরান, অভিনু কিবরিয়া ইসলাম, প্রভাস চন্দ্র রায়, রুবাইতুল আলম, সাজিদ হাসান, মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মো. রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান প্রমুখ।