ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী ইটনা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. আসাদুল ইসলাম (২৮) ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে আসাদুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি নদী পার হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।