‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। শনিবার (২ আগস্ট) সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। আরো ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন নূয়েন খীসা, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, উত্তর বন বিভাগের ডিএফও মোহাম্মদ হোসেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের ডিএফও ড. জাহিদুর রহমান মিয়া এবং অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের ডিএফও সোহেল রানা।
অনুষ্ঠানে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই অঞ্চলের আদিবাসী জনগণ পরিবেশ সম্পর্কে সচেতন। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে বলেই পাহাড়ধস তাদের ঘরে আঘাত হানে না। প্রকৃতিকে যারা চেনে না, তারাই প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপদেষ্টা। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
বৃক্ষমেলায় বন বিভাগের স্টলসহ মোট ২০টি স্টল বসেছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।










