মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় গবাদিপশুর উন্নয়ন এবং খামারের ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। আজ মঙ্গলবার সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে উৎপাদিত নিজস্ব ঘাস এখানকার গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি।
পরিদর্শনকালে তিনি খামারের বাছুর সেকশন, ডেইরি ফার্ম, পাবনা ক্যাটল ইউনিট, মীরকাদিম ইউনিট, হলস্টেইন-ফ্রিজিয়ান ইউনিট, কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, ব্রিডিং বুল ইউনিট এবং আমেরিকান ফ্রিজিয়ান বুল পরিদর্শন করেন।
এ সময় তিনি দেশী জাতের গবাদিপশুর উন্নয়ন, পশুখাদ্য উৎপাদন, খামার ব্যবস্থাপনা এবং সার্বিক অবকাঠামোগত কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী জানান, কাগজ-কলমের তথ্যের সঙ্গে বাস্তব চিত্র সবসময় পুরোপুরি প্রতিফলিত হয় না। তাই মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমাদের লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান, এবং কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক শহিদুল ইসলাম পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।










