শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা এবং ভারতের হাইকমিশনার দুই দেশের মধ্যে শিল্প উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতের হাইকমিশনার বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় শিল্প উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কার্যকর করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।