ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, চেষ্টা করছি একটা টিমওয়ার্কের মধ্যে জনগণ যাতে কোনো ভোগান্তির শিকার না হয়, সারা বাংলাদেশকে কিভাবে যুক্ত করা যায়। বিশ্বের অন্য দেশে, বিশেষ করে আধুনিক দেশের ভূমি ব্যবস্থায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ সেন্টার চালু আছে। একটা জায়গায় গিয়ে যে যার সমস্যা বলবে, এরপর সমাধান পাবে। সেখান থেকে ভুক্তভোগীকে আর পাঁচ-ছয়টা ধাপে যেতে হবে না। জনগণ যেন হয়রানি না হয় এবং সমস্যা সমাধানে যেন কার্যকারী পদক্ষেপ নেয়া হয়; সেই দিকে আমরা চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে আমরা নতুন কিছু শিখছি। বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে। আইনের কিছু কিছু জায়গায় যদি সংশোধনী আনতে হয়, তবে আমরা পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করব এবং অনুমোদনের পর তা কার্যকর করব।

তিনি আরো বলেন, ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।