ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে এবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। সভাপতি নির্বাচিত হয়েছেন প্রার্থী পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা। গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে এ ফল ঘোষণা করা হয়।
সর্বোচ্চ ভোট পেয়ে সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ১৩৮১ ভোটের মধ্যে ৮৮২ ভোট পেয়েছেন। তিনি একাধারে সিনেট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। এর আগেও শিক্ষক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক। তৃতীয় সর্বোচ্চ ৮৪০ ভোট পেয়ে সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূঁইয়া।










