বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, পূর্ববর্তী প্রশাসনের অধীনে শুরু হওয়া সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন সরকারের দিকে তাকিয়ে আছে ইইউ। তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি বিচারিক সংস্কার বাস্তবায়ন হবে, কমার্শিয়াল কোর্ট গড়ে তোলা হবে এবং অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা হবে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী, সহায়তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবনির্বাচিত সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার।

বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আলোচনার বাইরে কোনো বিষয় ছিল না। ইইউ-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে উভয় পক্ষই আগ্রহী।