ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে ২৭ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার তদন্ত অফিসার জাহাঙ্গীর আলম জানান, কামাল হোসেন ১৯৯৬ সালে বিয়ে করেন সুরাইয়া খাতুনকে। ওই বছরই নিখোঁজ হন সুরাইয়া। নিখোঁজের সাতদিন পর একটি ম্যানহোলের ভেতর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলার রায় হয় ২০১৯ সালে। আদালত কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা ও  অনাদায়ে  আরো ৩ মাসের কারাদণ্ড দেন। এছাড়া আরো কয়েকটি ধারায় সাজা হয় তার।