টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। 

বোর্ডের তথ্য অনুযায়ী, আজ রোববার বিকাল ৩টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার পানিপ্রবাহ পরিমাপ করা হয়েছে। যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে  বইছে। এছাড়া ধরলা, সানিয়াজান, সিঙ্গিমারী, স্বর্ণামতি ও রত্নাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।  

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুর ইসলাম জানিয়েছেন, বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে পানিপ্রবাহ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিস্তার উজান ভারত থেকেও পানি নেমে আসছে। এজন্য এসব এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। 

গোড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আমার ইউনিয়নসহ হাতীবান্ধা উপজেলার কিছু নিম্নাঞ্চল এলাকায় তিস্তার পানি ঢুকে পড়েছে। বর্তমানে চরের জমিতে কৃষকের কোনো ফসল নেই। তাই ক্ষয়ক্ষাতির আশঙ্কাও নেই। তবে কিছু কিছু এলাকায় সবজি ক্ষেত ও আমন বীজতলার ক্ষয়ক্ষাতি হতে পারে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের তিস্তায় পানি বেড়েছে। এতে বন্যা দেখা দেয়ায় তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে। এখন বন্যা হলেও কৃষকের ক্ষয়ক্ষতির হওয়ার আশঙ্কা নেই।