২০০৯-১০ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়ন করা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির ফলে দেশের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার (৯ অক্টোবর) টিআইবির ধানমন্ডি কার্যালয়ে এক গবেষণা ফলাফল প্রকাশকালে এ তথ্য জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এসব উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়েছে বলে সংস্থাটি অনুমান করছে। সেই বিবেচনায় ২০০৯-১০ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পগুলোর দুর্নীতির কারণে দেশের ২৯ হাজার ২৩০ কোটি টাকা থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এসব দুর্নীতির পেছনে রাজনীতিবিদ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে ত্রিপক্ষীয় যোগসাজশ রয়েছে। এই ত্রিপক্ষীয় যোগসাজশ ভাঙতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।










