ভোট সুষ্ঠু করার জন্য যত বাহিনী দরকার সে বাহিনী নামানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, এবার ভোটারদের কোনো ধরনের ভয়ের কারণ নেই। ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীসহ অতীতের সব রেকর্ড ভেঙে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসনের ২৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে ইসি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করার লক্ষ্যে এবার সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন প্রার্থীদের অনিয়মের কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোটকেন্দ্র স্থগিত করে ভোট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া অনিয়মের যে কোনো অভিযোগ তাৎক্ষণিক খতিয়ে দেখে ব্যবস্থা নিবে স্থানীয় প্রশাসন। এক্ষেত্রে কেউ ব্যর্থ হলে ভোট বন্ধসহ যে কোনো সিদ্ধান্ত নেয়া হবে কমিশনের পক্ষ থেকে। এবার অঘটন ঘটিয়ে কেউ পালাতে পারবে না। এরই মধ্যে এয়ারপোর্ট সহ দেশের গুরুত্বপূর্ণ সব স্থানের পাশাপাশি সীমান্তের বর্ডার এলাকাগুলোতে ও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
অতীতের মত ভোটকেন্দ্র গুলোতে ভোটারকে প্রবেশে বাধা দেয়ার কোনো অভিযোগ পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এছাড়া এরই মধ্যেই ভোটকেন্দ্র পর্যবেক্ষণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসলাম খাঁন, জেলা নির্বাচন অফিসার বশির আহমেদসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।










