ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম বলেন, ছাত্রলীগ এখন আইনত নিষিদ্ধ একটি সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসার এসব বিষয়ে আইনগত ব্যারিয়ার রয়েছে। যারা সংবাদ মাধ্যমে এতদিন কাজ করছেন তারা বিষয়টি জানবেন। এ দিকটা খেয়াল রাখবেন যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।
তিনি বলেন, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই দু-একটা সংবাদ মাধ্যমে হামলার বিষয়ে অ্যাপ্রিহেনশন (আশঙ্কা) রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শুনেছি, উনারা একটা বিবৃতিও ইস্যু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সংবাদ মাধ্যমের ওপর কোনোরকম আঘাত বা ফ্রিডম অব প্রেসের ওপর কোনো ধরনের আঘাত এ সরকার বরদাশত করবে না। যেকোনো দিক থেকে এরকম আঘাত আসার সম্ভাবনা যদি থাকে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।









