বিভিন্ন সময় ফরিদপুর জেলায় আঙুর চাষ করে করেছেন কেউ কেউ। তবে স্বাদ টক ও ক্ষারযুক্ত হওয়ায় তা সফলতার মুখ দেখেনি। এবার একই সঙ্গে শতাধিক জাতের মিষ্টি আঙুর চাষ করেছেন সদর উপজেলার শোভারামপুরের উদ্যোক্তা আহম্মেদ ফজলে রাব্বি এবং সেলিম আল দ্বীন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এবার কৃষি বিভাগও চাষটি সম্প্রসারণের চিন্তা করছে।

উদ্যোক্তা আহম্মেদ ফজলে রাব্বি ও সেলিম আল দ্বীন জানান, প্রথমে চাষ করা ২০ শতাংশ জমিতে ভালো ফলন আসতে শুরু করেছে। প্রথম বছরে প্রতিটি গাছে অল্প পরিমাণে ফল ধরে। ভালো ফলন পেতে অন্তত তিন বছর অপেক্ষা করতে হয়। তখন প্রতিটি গাছ থেকে অন্তত এক মণ ফলন পাওয়া যাবে। স্বাভাবিকভাবে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব পাঁচ-ছয় ফুট রাখতে হয়। যদিও ঘন পদ্ধতিতে রোপণ করা হলে সাড়ে তিন ফুট দূরত্বেও রোপণ করা যাবে।

তারা জানান, বাগানগুলোয় ইতালি, কানাডা, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে আনা বিক্সন, ফ্যান্টাসি, আরলিরেড, ওভাইটালিয়া, লোরাস, ভ্যালেস, ক্রিমসল, ব্ল্যাক ম্যাজিক, টিকলেস ও মার্সেল ফোরসহ শতাধিক জাতের আঙুর রয়েছে। যার মধ্যে অন্তত ১০ জাতের গাছে ফলন এসেছে।