রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা এবং কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করতে হবে। মনোযোগ দিয়ে কাজ করলে রেলের উৎপাদন আরো বৃদ্ধি পাবে, রেল সেক্টরের আরো উন্নতি হবে।’
গতকাল সৈয়দপুর, লালমনিরহাটে কোচ এবং ওয়াগন মেরামত কারখানা, কলোকা, দিনাজপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময়কালে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী চান জনবান্ধব এ পরিবহনের যথাযথ উন্নয়ন হোক এবং জনগণ স্বল্প খরচে যাতায়াত এবং মালামাল পরিবহনের সুযোগ পাক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রেলের উন্নয়নের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এ সক্ষমতা বৃদ্ধি করতে পারলে মেরামতের পরিমাণ বেড়ে যাবে। বিএনপির আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে আমাদের রেলের দক্ষ জনবলকে ছাঁটাই করা হয় যার কারণে দক্ষ জনবল সংকট। আমাদের জনবলের ঘাটতি রয়েছে যার কারণে উৎপাদন কম হয়। জনবল নিয়োগ সম্পন্ন হলে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে পদায়ন করা হবে। আশা করি, এসব কারখানা থেকে উৎপাদন বাড়বে এবং রেলওয়ের আরো উন্নয়ন হবে। টিকিট কালোবাজারি বন্ধ করা হবে, আপনারা এরই মধ্যে জেনেছেন যে টিকিট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোক ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে।’










