যশোরের কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। গতকাল রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাস ও আরো তিনজনকে আটক করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার পর উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারাগারে গ্রহণকালে যেসব প্রশ্ন করা হয়, তিনি তার উত্তর স্বাভাবিকভাবেই দিয়েছিলেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজের’ শিকার ছিলেন।

এ সময় তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, উজ্জ্বলের শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছে।