রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানা শাখা পূর্ব বাড্ডার ইউসুফ স্কুলের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মিজান বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

বাড্ডা থানার সূত্র জানায়, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডার এএমজি হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালায়। আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর সময় এমদাদুল নামের এক আন্দোলনকারী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত এমদাদুলের চাচাতো ভাই সাইফুল ইসলাম ৯ সেপ্টেম্বর বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের অংশ হিসেবে পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মিজানকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে তার এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মিজান ২০২২ সালের বাড্ডায় একটি প্রতারণা মামলারও এজাহারভুক্ত আসামি।