ঝালকাঠির নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে
চুরি করার চেষ্টার সময় আটক হয়েছে দুই ব্যক্তি। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত
সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অনুপ্রবেশের দায়ে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট
এলাকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে তাদের আটক করে
পুলিশে দেয় এলাকাবাসী।
আটক মো. ইউসুফের (৪৮) বাড়ি মুন্সিগঞ্জ
জেলার টংগিবাড়ী উপজেলার দুলিয়াতা এলাকায়, অন্যজন নারায়ণগঞ্জের মাধবপাশার বাসিন্দা
মোহান্মাদ আলী (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল
রাতে দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় দুই ব্যক্তি
বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করার চেষ্টা করে।
এ সময় ব্যাংকিং শাখার মালিক মো. সহিদ খান
সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়ে স্থানীয়দের সাহায্য নিয়ে তাদের আটক করেন। পরে পুলিশ
ইউসুফ ও আলীকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মুহম্মদ আতাউর রহমান বলেন, দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবো।
আমাদের অভিযান চলছে।










