বাগেরহাটে সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া একটি হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। এ সময় এক শিকারিকে আটক করা হলেও অন্য দুজন পালিয়ে যায়। পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে উদ্ধারের পর হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, বনরক্ষীরা সুন্দরবনের ডিমেরচর বনাঞ্চলে টহলের সময় একটি হরিণকে ফাঁদে আটকা পড়ে থাকতে দেখেন। পরে বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশি চালিয়ে এক শিকারিকে আটক করেন। এ সময় অন্য দুই শিকারি বনের গহিনে পালিয়ে যান। আটক আব্দুল হাকিম (৪০) বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মৃত আলী ফকিরের ছেলে। হরিণটি সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।

আটক শিকারির বরাত দিয়ে বনরক্ষীরা জানান, পালিয়ে যাওয়া শিকারিরা হলেন পাথরঘাটা এলাকার রাসেল (৩০) ও দুলাল (৪০)। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালা, ছিটকা ফাঁদ ও সাতটি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়েছে।