নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে এক নারীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন। এ সময় আসামি মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়া হয়।
২০২০ সালের ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরও আগে একই বছরের ৫ অক্টোবর নির্যাতিত নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানির সময় অভিযোগভুক্ত আসামিদের মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিলেন।










