স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেনের আশ্বাসে দেশব্যাপী কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের এক নেতা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সভা শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের প্রাণ। তারা খেয়ে না খেয়ে রোগীদের সেবা করেন। সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্নরাই রোগীদের নানা রকম দেখভাল করেন। কাজেই তাদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে আমি নিজে ফাইল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী ফাইল গ্রহণ করেছেন এবং অতিদ্রুত দেশের ইন্টার্ন চিকিৎসকদের জন্য ভাতা বৃদ্ধির সুরাহা করতে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের প্রতি এটাই বলতে চাই, আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি বিশ্বাস করি, আমরা দ্রুততম সময়ে আপনাদের ভালো খবর দিতে সক্ষম হব।’ 

এর আগে দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) ওয়াহেদুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ প্রমুখ এতে উপস্থিত ছিলেন। 

সভায় ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, কর্নেল মালেক মেডিকেল কলেজসহ অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা দাবি-দাওয়া তুলে ধরেন। এর মধ্যে ইন্টার্নদের ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা, প্রতি বছর ১ হাজার টাকা করে ভাতা বৃদ্ধির ব্যবস্থা, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চিকিৎসকদের ঝুঁকি ভাতা, বকেয়া ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। 

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা মেডিকেল শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মনোভাবের কথা জানান। তিনি বলেন, ‘দেশে ইন্টার্ন চিকিৎসকদের কোনো ভাতা দেয়ার নিয়ম ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি উদার মনোভাব পোষণ করে ২০২১ সালে ভাতা ব্যবস্থা চালু করেন। ভাতা বৃদ্ধি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি দ্রুতই একটি ভালো ও গ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন।’