নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়নে পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। সদরের নয়টি ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের সাতটি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রের একটানা ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

জেলার ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলাবাহিনী। ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচন নিয়ে প্রশাসনের করণী বিষয়াদি নিয়ে ব্রিফিং করেছে জেলা পুলিশ।

আজ শনিবার সকালে জেলা স্কুল মাঠে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ব্রিফ করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

এর আগে গতকাল শুক্রবার রাতে শেষ হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সদরের নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী এ নির্বাচনে লড়ছেন। সদরে ১ লাখ ১১ হাজার ২৬৬ জন নারী, ১ লাখ ২২ হাজার ৫৩০ পুরুষসহ ২ লাখ ৩৩ হাজার ৭৯৬ জন ভোটার রয়েছে। কবিরহাটে ৭০ হাজার ১৩ জন নারী ও ৭৫ হাজার ৬১১ জন পুরুষসহ মোট ভোটার ১ লাখ ৪৫ হাজার ৬২৪ জন।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ১ জন পুলিশ কর্মকর্তা, ৩ জন কনেস্টবল, ৭ জন নারী সদস্য, ১৭ জন আনসারসহ মোট ২২ জন দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্যাইকিং, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।