টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী খালা ও ভাগনির মৃত্যুর ঘটনায় বাসচালককে আটক করেছে র‌্যাব। আটক নাজমুল হাসান (২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর গ্রামের হাসমত আলীর ছেলে ও সিরাজগঞ্জের এসআই পরিবহনের বাসচালক।

মঙ্গলবার বিকালে দুর্ঘটনাকবলিত বাসসহ চালককে মির্জাপুর উপজেলার পাকুল্লা থেকে আটক করা হয়।

গতকাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় এলেঙ্গা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমি (৩৫) ও তার ভাগনি জামালপুর জেলার টেংকিমারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনিসহ (৫) চারজন। এ সময় টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায়  বেপরোয়া গতির এসআই পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী খালা ও ভাগনি নিহত এবং দুজন গুরুতর আহত হন। অটোরিকশাকে ধাক্কা দেয়ার পর চালক বেপরোয়া গতিতে বাসটি নিয়ে পালিয়ে যান।