সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ফরিদপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ। তিনি বলেন, ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। এর থেকে ফরিদপুরের মানুষ মুক্তি চায়। আমরা আশা করব, পুলিশ ও জনপ্রশাসন এ সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে একযোগে কাজ করবে। আমরা আপনাদের সহযোগিতা করব।’
গতকাল তিনি ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন। ফরিদপুর-২ আসনের এমপি শাহাদাব আকবর চৌধুরী লাবুও তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
এ কে আজাদ বলেন, ‘ফরিদপুর শহরে অটোরিকশাচালক ও শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ীসহ পরিবহন সেক্টর থেকে নিয়মিত চাঁদা নেয়া হয়। চাঁদাবাজি কারা করে সেটা নিশ্চয়ই প্রশাসন জানতে পারবে। আমরা চাঁদাবাজির হাত থেকে রেহাই পেতে চাই। তাই জনগণের প্রতিনিধি হিসেবে আমি চাই, আইন তার নিজের গতিতে চলুক। আমি কখনো প্রশাসনের কাছে কাউকে সাজা দিতে বা কাউকে ছেড়ে দিতে সুপারিশ করব না।’
ফরিদপুর শহরের রথখোলা ও সিঅ্যান্ডবি ঘাটে অবস্থিত যৌনপল্লীর বাসিন্দাদের সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় পুনর্বাসনের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই তাদের সুস্থ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারব।’










