রেললাইনের পাশে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ৫টি বগির অন্তত ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর মাটিতে খুলে পড়ে গেছে চারটি দরজা। রোববার বেলা ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম। তিনি বলেন, `দুপুরে হঠাৎ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দোহাজারী স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের চালক ও গার্ডের সঙ্গে কথা বলে জানা যায়, খরনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ট্রেনের ১০টি দরজার ক্ষতি হয়। তার মধ্যে চারটি খুলে মাটিতে পড়ে যায়। কিছু দরজা খুলে বগির সঙ্গে ঝুলে থাকতে দেখা গেছে। পরে ট্রেনটি ২৫ মিনিট পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।'

ট্রেনটির দায়িত্বরত গার্ড ওমর ফারুক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রেনটি খরনা-কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রেললাইনের ডান পাশে একটি ট্রাক পার্ক করা ছিল। হঠাৎ ট্রাকের পেছনের অংশের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রেনের ৫টি বগির ১০-১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। চারটি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি দোহাজারী রেলস্টেশনে থামার পর কারিগরি দল পরীক্ষা-নিরীক্ষা করে দেখে। প্রায় ২৫ মিনিট পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে।