ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবারুণ সংঘের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ইছামতী নদীর দেওতলা থেকে এ বাইচের সূচনা হয়।

বাইচের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, আমাদের সবাইকে করোনার টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করব আমরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মহামারীর দুর্যোগ কাটিয়ে আমরা এগিয়ে চলেছি।

বাইচ দেখতে সকাল থেকেই হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে ইছামতীর তীরবর্তী দেওতলা বান্দুরা এলাকায়। আশপাশ ও দূর-দূরান্ত থেকে নারী-পুরুষসহ সব বয়সী মানুষ বাইচ দেখতে ভিড় করেন নদীর তীরে। বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত প্রায় ১২টি নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন এ বাইচে।

শত শত ট্রলার ভাড়া করে আসা দর্শনার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নেন। থইথই জলে বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ছন্দ মাতিয়ে তোলে ইছামতির ঢেউকে। হাজার হাজার নারী-পুরুষ এ আনন্দ উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমুখ।