পঞ্চগড়ে ৮০ হাজার ডলারের জাল মার্কিন মুদ্রাসহ জাল নোট বিক্রেতা চক্রের ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল পঞ্চগড় ও দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি স্মার্টফোনসহ মোট ১০টি মোবাইল ফোন, ইনজেকশন সিরিঞ্জসহ মাদকসেবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন থেকে চক্রটি পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে জাল ডলার বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাল ডলারসহ তারা পঞ্চগড়ে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি পিয়াস জয়ের নেতৃত্বে শহরের প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পঞ্চগড় পৌরসভা ও দেবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করা হয়।

মেজর মেহেদী পিয়াস জয় বলেন, ‘দীর্ঘদিন থেকে চক্রটি দেশে ও বিদেশে প্রতারণার মাধ্যমে জাল ও ডলার বিক্রি করে আসছিল। আটকের পর তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘চক্রটিকে ধরতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।’