চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে পতাকা বৈঠকের পর ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১৫ বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এই ১৫ জন ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে ৩ মাস ধরে বন্দী ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, সীমান্তের ৭৬ নম্বর প্রধান খুঁটির কাছে শূন্যরেখায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার ছাড়াও দুই দেশের কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ১৫ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। হস্তান্তরিতদের বাড়ি লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।










