চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের মাস্টার সাইদ মো. আবু তাহেরের শরীর ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে ট্রেন চালানোর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, প্রতিদিনের মতো এক হাজারের বেশি যাত্রী ধারণক্ষমতার ১৮ বগির মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন ট্রেনের মাস্টার সাইদ মো. আবু তাহের দেখেন, ইঞ্জিন মারাত্মক গরম হয়ে আছে। তখন ইঞ্জিনে ঠান্ডা পানি ঢালতে গেলে সেই পানি গরম ইঞ্জিনের সঙ্গে লেগে ছিটকে তার মুখ ও বুক ঝলসে যায়।

আহত আবু তাহেরকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, মেকানিক্যাল ত্রুটির কারণে ইঞ্জিন মারাত্মক গরম হয়ে যায়। এ সময় আমাদের একজন চালক তা ঠান্ডা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এখন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ওই ট্রেনের ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে।

আরো বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন বন্ধ রেখেছি। লাকসাম থেকে একটি ইঞ্জিন আনার চেষ্টা করছি। সেটি এলে মেঘনা ট্রেনটি পুনরায় চালু সম্ভব হবে। যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছি।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদুল্লা বাহার বলেন, খবর পেয়েই চাঁদপুর বড়স্টেশন রেলকোর্ট স্টেশনে আমাদের বাহিনী তৎপর রয়েছে। নতুন ইঞ্জিন না আসা পর্যন্ত সব যাত্রীকে মালামালসহ নিরাপদে অবস্থান নেয়ার জন্য অনুরোধ করছি।