সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের দুই বাসের গতি প্রতিযোগিতায় শিলা (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই বাসসহ (ঢাকা মেট্রো গ ১৫৯০৬৮ ও ঢাকা মেট্রো গ ১৩১৮২৬) এক চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুর দুইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনের সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিলা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি কোরআনের হাফেজ। এছাড়াও আহতরা হলেন— শিলার মামা হযরত আলী ও তার মেয়ে সুমাইয়া।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের পাশে ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী লেনে একটি সেলফি পরিবহনের বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। পেছনে থাকা আরেকটি সেলফি পরিবহনে বাস লেনের নিচ দিয়ে আগে যাওয়ার চেষ্টা করার সময় দুই বাসের চাপে পড়ে মোটরসাইকেল আরোহী হযরত আলীসহ তার ভাগ্নি শিলা ও মেয়ে সুমাইয়া মাটিতে পড়ে যায়। এসময় শিলার মাথার ওপর দিয়ে একটি বাসের চাকা গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করে।

সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, বাস দুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলে বলে বাস দুটি থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়াও একজন মারা গেছে বলে জানতে পেরেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।