জেন-জিদের মনোভাব বুঝে বিএনপিকে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন,আমরা রাষ্ট্র ও রাজনীতি সংস্কার নিয়ে কথা বলি। আমরা আন্দোলন করেছি, নাগরিক উন্নয়নের কথা বলেছি এবং বলছি। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, জেড জেনারেশনের (জেন-জি) পাশে দাঁড়িয়ে তাদের মনোভাব বুঝতে না পারায় এবং সে অনুযায়ী কাজ না করায় সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে তার প্রতিফলন দেখা গেছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, বিএনপি যদি এখন থেকেই এ প্রজন্মকে গুরুত্ব দিয়ে তাদের মনোভাব বুঝে কাজ করে, তাহলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা যে রায় দিয়েছে, পরবর্তীতে তারাই ভাববে, এ রায় দেয়া ঠিক ছিল কিনা।

‎তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি যুদ্ধ করেছেন, রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের অভিভাবক ছিলেন তিনি। ছাত্রদের এখন থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া দরকার।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।