হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার এমপির ব্যক্তিগত সহকারী সুদীপ দাস বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেন।

তিনি জানান, শরীরে সামান্য উপসর্গ দেখা দেয়ায় ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন এমপি। পরদিন রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। গতকাল তার স্ত্রী, ব্যক্তিগত সহকারী ও সার্বক্ষণিক সংস্পর্শে যারা থাকেন তাদের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছে।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। মানুষকে সচেতন করার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি ও নিজের সাধ্য অনুযায়ী সহায়তাও পৌঁছে দিয়েছেন।