আনন্দ-উল্লাসের সঙ্গে হলের শিক্ষার্থীরা গাছে ঝুঁকে থাকা লালচে পাকা লিচু পেড়ে বিতরণ করেছেন রুম থেকে রুমে। প্রভোস্টের উপস্থিতিতে শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগে হলজুড়ে যেন নেমে এসেছিল যেন এক উৎসব।
ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঘটে। গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সবার রুমে রুমে লিচু পৌঁছে দেন শিক্ষার্থীরা। এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়। প্রতিটি রুমে ৪০টি করে টাটকা লিচু পৌঁছে দেয়া হয়েছে।
নাসির উদ্দীন নামে এক শিক্ষার্থী জানান, ‘কাঁচা বা আধাপাকা নয়, পুরো পরিপক্ব হওয়ার পরই আমাদের এ লিচু উৎসব হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম এই আয়োজন দেখলাম। ‘
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, হলের মধ্যে একটি লিচু গাছ ছিল। সেখানে এ বছর প্রচুর লিচু ধরেছিল। আমরা চেয়েছিলাম এ বছর লিচুগুলো হলের সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করব। লিচু সংগ্রহ করে সকল রুমে রুমে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও হলের সকল কর্মকর্তা-কর্মচারীকেও দেয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই আমরা এটা উপভোগ করেছি।










