উজানে ভারি বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী তিন থেকে চারদিন এসব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। একই সময়ে তিস্তার পানি কমতে শুরু করবে বলেও জানানো হয়েছে। গতকাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য জানান।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুইদিন এসব নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই থেকে তিনদিন এসব নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। ফলে এ সময় এ অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘উজানে ভারি বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়তে পারে। ফলে ধরলাতেও পানি বৃদ্ধি পেতে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্য পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা কম।’










