প্রাক-বাজেট আলোচনায় কতিপয় এনজিওর বিড়ির ওপর শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বরাবর চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবিগুলো হলো বিদেশী বহুজাতিক সিগারেট কোম্পানির আগ্রাসন বন্ধ, রাজস্ব ফাঁকি দেয়া নকল বিড়ি বন্ধে অভিযান পরিচালনা, বিড়ির মূল্য ২ টাকা কমানো ও নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি করা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প বন্ধে নানা ষড়যন্ত্র চলছে। বিদেশী সিগারেট কোম্পানিগুলোকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে কতিপয় অসাধু আমলা ষড়যন্ত্রমূলকভাবে বিড়ির মূল্য বৃদ্ধি ও মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এ করের চাপে অনেক বিড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বিড়ি শ্রমিকরা কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।










