কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে বিরল প্রজাতির ইয়েলো-বিল্ড সি নামের বিষধর একটি সাপের। বৃহস্পতিবার রাতে এ সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, বুধবার সকালে সৈকতের ট্যুরিজম পার্কের সামনে ইয়েলো-বিল্ড সি স্নেক সাপটি দেখতে পান জেলেরা। পরে এটি আবার জোয়ারে ভেসে যায়। এ সাপের পেটের রঙ হলুদ। দেহের উপরি ভাগ কালো। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপ দেখতে খুবই সুন্দর।

ওয়ার্ল্ডফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সব সাপের মধ্যে এটা চতুর্থতম। এটা তীব্র বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না।

পটুয়াখালী জেলা বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বলেন, গভীর সমুদ্রে বসবাস করা এ সাপ তীরবর্তী এলাকায় খুব কম দেখা মেলে। এটি অত্যন্ত বিষধর সাপ। যদি কাউকে আঘাত করে সঙ্গে সঙ্গেই মারা যেতে পারে। হাসপাতাল পর্যন্ত নেয়ার সময় দেয় না। এদের অ্যান্টিবায়োটিক এখনো বাংলাদেশে তৈরি হয়নি।

বন কর্মকর্তা বলেন, ‘এদের আটলান্টিক মহাসাগর ছাড়া সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরীয় জলে পাওয়া যায়। উপকূলের চেয়ে গভীর সমুদ্র এদের বেশি পছন্দ। গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে এ সাপের দেখা মেলে।