কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকায় সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) ও সুকরান সর্দারের ছেলে মিরাজ সর্দার (৫০)।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বোয়ালদাহ গ্রামে কেরম বোর্ডের বিভিন্ন ইভেন্টে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছিল। শুক্রবার রাতেও খেলা চলছিল। ঘটনার বর্ণনা দিয়ে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ বলেন, ‘দুই গ্রুপে ভাগ হয়ে চারজনের খেলা চলছিল। গ্রুপের এক পক্ষে ছিলেন বৃদ্ধ ওমর আলী ও মিরাজ সর্দার। খেলার এ পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সংবাদ দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওমর আলী ও মিরাজ সর্দার ঘটনাস্থলেই মারা যান।










