রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। অবশ্য গত মঙ্গলবার ও বুধবারও বৃষ্টি ছিল। বৃষ্টি হলে সাধারণত নগরীর বায়ুদূষণের মাত্রা কম থাকার কথা থাকলেও আজ সকালে বিশ্বের ১২০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রথম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল ১০টার দিকে ঢাকার স্কোর ১৯৩। বায়ুর এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গতকাল ঢাকার অবস্থান ছিল তৃতীয়, আর স্কোর ছিল ১৭২।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ১৯০ অর্থাৎ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর হচ্ছে ১৮৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। এ শহরের স্কোর ১৭১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে কাজাখস্তানের আস্তানা। পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।