চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আনাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাওলানা ইউসুফের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু আনাস উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। সে তার মা শিরিন আক্তারের সঙ্গে তার নানাবাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয় রাকিব নেওয়াজ চৌধুরী বলেন, গতকাল নির্বাচনী প্রচারণা চালানোর সময় হঠাৎ পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পাই। পরবর্তী সময়ে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










