নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট গুদামে এবং বাগেরহাটে মশার কয়েলের কাঁচামাল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল দিনের বিভিন্ন সময় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পূর্ব দেলপাড়ার ঝুট গুদামে হঠাৎ করেই আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ৮-১০ লাখ টাকা ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ।

অন্যদিকে বাগেরহাট শহরে মশার কয়েলের কাঁচামাল তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল দুপুরে লাগা আগুনে কারখানাটি পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক নিরাপদে ছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাবুদ্দিন জানান, তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।