জয়পুরহাটের কালাই উপজেলায় মানবদেহের কিডনি কেনাবেচা চক্রের মূল হোতাসহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট, মোসলেমগঞ্জ এলাকা থেকে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার।
গ্রেফতারকৃতরা হলেন- কালাই উপজেলার উলিপুর গ্রামের মৃত আবু সাইদ আকন্দের ছেলে খাজা ময়েনউদ্দিন (৪৪), আবুজার রহমানের ছেলে আজাদুল ইসলাম (৩৭), বহুতি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আব্দুল করিম ফোরকান আলী (৪৫), পাইকপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে আফসার মন্ডল (৫৬), মৃত আছির উদ্দিন মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫০), পূর্ব কিষ্টপুর গ্রামের মৃত আবু বক্কর ফকিরের ছেলে বাবলু ফকির (৫২), দুধাইল নয়াপাড়ার আব্বাস আলী মন্ডলের দুই ছেলে সোবহান মন্ডল (৫২), মজাহিদুল মন্ডল (৪০) ও মৃত মোখলেছার রহমানের ছেলে সাজেদুল ফকির (৩৭)।
জিয়াউর রহমান তালুকদার জানান, চক্রটি বিভিন্ন দলে ভাগ হয়ে গরিব, দরিদ্র ও আর্থিক অনটনে জর্জরিত মানুষদের অর্থের প্রলোভন দেখিয়ে কিডনি সংগ্রহ করত। এ কিডনির গ্রাহক প্রধানত দেশের ধনী পরিবার ও পার্শ্ববর্তী দেশগুলো। ঢাকা থেকে নিয়ন্ত্রিত চক্রটি বিভিন্ন ধাপে ভুক্তভোগীদের কিডনি গ্রাহকদের কাছে অস্ত্রোপচারের মাধ্যমে সরবরাহ করে থাকে। শুধুমাত্র মোটা অঙ্কের টাকার লোভেই ভুক্তভোগীরা এ কাজে প্ররোচিত হয়। কিন্তু কিডনি নিয়ে চক্রটি চুক্তি মোতাবেক পাওনা পরিশোধ করে না।
র্যাবের অধিনায়ক আরো জানান, পরবর্তীতে ভুক্তভোগীরা টাকা চাইলে তাদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করত চক্রটি। গ্রেফারকৃতদের নামে আগেও মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন মোতাবেক এক বা একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, এস. এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, খ. ম আবদুর রহমান রনি প্রমুখ।
জয়পুরহাটে কিডনি কেনাবেচা চক্রের ৯ সদস্য গ্রেফতার