দিনাজপুরে ছিনতাই ও চুরির টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাজু (২৪) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গীবেচা সেতুর নিচে শনিবার রাত সাড়ে ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবক জেলার চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের মাঝাডাঙ্গায় তার নানির বাসায় থাকতেন। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী বলে জানা গিয়েছে। আহতরা হলেন চেহেলগাজী ইউনিয়নের সদরডাঙ্গার সেলিম ও মাঝাডাঙ্গার পূর্বপাড়ার সহোদর শাহীদ ও শাকিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন এলাকার দিনাজপুর সদরের বাঙ্গীবেচা, মাঝাডাঙ্গা, সদরডাঙ্গা, গোবরাপাড়া এলাকার একাধিক সংঘবদ্ধ চক্র ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতে। সম্প্রতি দুটি গ্রুপের সদস্যদের মাঝে টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। ঘটনার ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে রাজুর সঙ্গে ওই এলাকার কয়েকজনের কথাকাটাকাটির ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাজুর কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে বাঙ্গীবেচা সেতুর নিচে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু গুরুতর জখম হন। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহত অন্য তিন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, নিহত রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রাজুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।