আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে মোট ১ হাজার ৭৫২টি ভেটেরিনারি
মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রী আব্দুর রহমান।
আজ
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে কোরবানির পশুর হাটে
চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী
জানান, এ বছর ঢাকায় ১৯টি হাটে এবং সারা দেশে এক হাজার ৮২টি স্থায়ী এবং দুই হাজার ১৬টি
অস্থায়ী কোরবানির পশুর হাটে মোট ১ হাজার ৭৫২টি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন
করবে। সুস্থ গবাদিপশু ক্রয়ে এবং হাটে আগত পশুর স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ প্রদান
করবে এই টিম। হাটে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুবিধা বিদ্যমান থাকবে। জরুরি
প্রয়োজনে যোগাযোগের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের হটলাইন ১৬৩৫৮ চালু রয়েছে।
এছাড়া
চামড়ার গুনগত মান নিশ্চিতে কোরবানির পশুর সঠিকভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে ৩১
হাজার ৭৯৯ জন পেশাদার ও অপেশাদার মাংস প্রক্রিয়াকারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এবারো
কোন খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোন খামারি তার
পশু দূরবর্তী হাটে নিতে চাইলে, রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। হাটে
আনার পথে কেউ পশু বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ
করতে পারবে না।










