শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ সারা দেশে হাসপাতালগুলোয় অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ এবং স্বাস্থ্য খাত সংস্কারসহ তিন দফা দাবিতে বরিশাল ব্লকেড কর্মসূচি অব্যাহত রয়েছে। টানা ষষ্ঠ দিনের মতো গতকাল শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্লকেড করেন। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
একই দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সাসনে বেশ কয়েকজন শিক্ষার্থী সোমবার সকাল ১০টায় আমরণ অনশন শুরু করেছেন। গতকাল সকালে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এছাড়া শহরের সদর রোড এলাকায় বেলা সাড়ে ১১টায় অবরোধ কর্মসূচি পালন শুরু করে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, শের-ই-বাংলা মেডিকেলসহ সারা দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬তম দিনে গড়াল এ আন্দোলন। হাসপাতালে চিকিৎসার বেহাল দশা। মানোন্নয়নে বছরের পর বছর ধরে দাবি জানালেও স্বাস্থ্য অধিদপ্তর কোনো ভ্রুক্ষেপ করছে না। বাধ্য হয়ে তারা ব্লকেড কর্মসূচি শুরু করেছেন।
এদিকে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণসহ ২৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। গতকাল সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে ও ডাক্তার মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবর।










