কুড়িগ্রাম জেলা শহরসহ অন্যান্য উপজেলার সঙ্গে রৌমারী ও রাজিবপুর উপজেলার নৌপথে যোগাযোগ সহজ করতে ব্রহ্মপুত্র নদে ফেরি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হতে চলেছে রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষের। চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচলের মধ্য দিয়ে কুড়িগ্রামের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি জানিয়েছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মাহফুজ আলম সজল।

এরই মধ্যে কুঞ্জলতা নামে একটি ফেরি চিলমারীর রমনা ঘাটে পৌঁছেছে। গত শুক্রবার সন্ধ্যায় আরিচা ঘাট থেকে ফেরিটি চিলমারী নৌবন্দরের রমনা ঘাটে সংযুক্ত করা হয়েছে। এর আগে সংযোগ সড়ক, পন্টুনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চিলমারী ঘাটে ফেরি আসার খবরে আনন্দিত এ অঞ্চলের মানুষ। ফেরি চলাচলে শুধু রৌমারী ও রাজিবপুর উপজেলা নয়, এর সুবিধা ভোগ করবে চিলমারী, উলিপুরসহ অন্য উপজেলার মানুষও।

স্থানীয় বাসিন্দারা জানান, রৌমারী ও রাজীবপুর উপজেলাবাসীর জেলা শহরে যাতায়াতে ভরসা করতে হয় নৌকার ওপর। বর্ষা মৌসুমে ঝুঁকি বেড়ে যায় নৌপথে। অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দুর্ভোগের সীমা থাকে না যাত্রীদের। এছাড়া বাড়তি ভাড়া আর সিডউল বিপর্যয় তো আছেই। তবে ফেরি চলাচল শুরু হলে শেষ হবে দীর্ঘদিনের ভোগান্তি। সেই সঙ্গে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে বলেও মনে করছেন তারা।

রৌমারী প্রেস ক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা জানান, রৌমারী ঘাট থেকে চিলমারীর রমনা ঘাট পর্যন্ত দূরত্ব প্রায় আট কিলোমিটার। এ নৌপথে নৌকায় যেতে সময় লাগে আড়াই থেকে ৩ ঘণ্টা। কিন্তু ফেরিতে সময় লাগবে অর্ধেক। ফেরি চালু হলে নদী পথে যাতায়াতের যে ঝুঁকি সেটা আর থাকবে না। ফেরি চালু হলে ব্রহ্মপুত্র দ্বারা বিচ্ছিন্ন আমাদের এ দুই উপজেলার মানুষের কষ্ট কমে যাবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও উন্নয়ন হবে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপপরিচালক মাহফুজ আলম সজল জানান, আগামী ২০ সেপ্টেম্বর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ফেরিটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পর আরো একটি ফেরি রৌমারী ঘাটে যুক্ত করা হবে। নিয়মিত ফেরি দুটি ওই রুটে চলাচল করবে। এছাড়া নাব্য সংকট দূর করতে চিলমারী ও রৌমারী ঘাটে দুটি ড্রেজার অবস্থান করবে। ফেরি চলাচলে কোথাও বিঘ্ন ঘটলে ড্রেজার দুটি সার্বক্ষণিক কাজ করবে।