হরতাল-অবরোধের কারণে ফুল বাজারজাত করতে না পারায় লোকসানের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন ঝিনাইদহের ফুলচাষীরা। মৌসুমে ভালো দামের আশা করলেও রাজনৈতিক অস্থিরতায় লোকসান গুনতে হবে তাদের।

ফুলচাষীরা জানান, অবরোধের আগেও গাঁদা ফুল প্রতি ঝোপা বিক্রি হয়েছে ৪০০-৬০০ টাকায়। অথচ এখন সেই ফুলের ঝোপা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।

ঝিনাইদহ গান্না বাজার ফুল ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, শুধু কৃষকই নয়, অবরোধের কারণে লোকসানের মুখে পড়ছেন ফুল ব্যবসায়ীরাও। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বাহনে ফুল পাঠাতে খরচ হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আজগর আলী জানান, হরতাল ও অবরোধের কারণে ফুলচাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় ২৫৪ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। ২৮ অক্টোবরের আগে গান্না ফুল বাজারে প্রতিদিন ১০-১২ লাখ টাকার ফুল বিক্রি হতো। বর্তমানে প্রতিদিন ফুল বিক্রি হচ্ছে ১-২ লাখ টাকার।