সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতে আটক পাঁচ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (২৫ আগস্ট) রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়।
বিজিবির কাছে হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন— শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।
পুলিশ ও বিজিবি সূত্র জানিয়েছে, গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরদিন ২৫ আগস্ট বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ওই পাঁচ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-ঠিকানা যাচাই শেষে সোমবার রাত ১১টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










