ফরিদপুরে
বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহতের
ঘটনায় প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। প্রতিবেদনে চারটি কারণে এ দুর্ঘটনা ঘটেছে
বলে উল্লেখ করা হয়েছে। গত রোববার রাতে
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়। এছাড়া বাসচালক খোকন মিয়াকে আটক করেছে র্যাব।
গতকাল সকালে ফরিদপুর র্যাব-১০ ক্যাম্পে এক
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
কোম্পানি কমান্ডার লে. কমান্ডার কেএম শাইখ আকতার।
দুর্ঘটনার কারণ হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঈদের পর বাস চালকের দীর্ঘ সময় গাড়ি চালানোয় ক্লান্তির সঙ্গে চোখে ঘুম থাকা, দুটি যানের অধিক গতি থাকা, মহাসড়কে নিজের লেন ছেড়ে অন্য লেনে চলে যাওয়া এবং মহাসড়কে অটোরিকশার উপস্থিতি।
১৬ এপ্রিল ফরিদপুর-খুলনা মহাসড়কে দিকনগরে বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় নিহত ইকবাল হোসেনের বড় ভাই এনামুল শেখ বাদী হয়ে যাত্রীবাহী বাসের চালককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।










