চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র‍্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৭ মে) দুপুর দেড়টার সময় ক্যাম্পের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তরের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সহকর্মীরা। সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তার পরিবার নিয়ে বেশ কিছু কথা লিখে গেছেন তিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ওই চিরকুটে লেখা, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।